গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর আমতলী এলাকার পরিচিত জাভান হোটেলের ১০ বছর পূর্তি উপলক্ষে স্থানীয় এলাকাবাসী, অসহায় দুস্থ মানুষ ও এতিম শিশুদের সম্মানে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে। হোটেলটিতে দাওয়াত করে এনে তাদের আপ্যায়ন করেন বর্তমান মালিক সায়মন খান।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকরা জানান, প্রতিষ্ঠার এক দশক পূর্তি উপলক্ষে আনন্দ ভাগাভাগি করতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে।
বর্তমান মালিক সায়মন খান দায়িত্ব নেওয়ার পর থেকে জাভান হোটেলে স্থানীয় অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। পাশাপাশি এলাকার অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছে প্রতিষ্ঠানটি। এছাড়া হোটেলের পাশের একটি এতিমখানার শিশুদের জন্য প্রতি সপ্তাহে একবেলা খাবারের ব্যবস্থাও করে আসছেন তিনি।
জাভান হোটেলের বর্তমান মালিক সায়মন খান বলেন, “জাভান হোটেলের ১০ বছর পূর্তি আমাদের জন্য গর্বের বিষয়। এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতায় আমরা এখানে পৌঁছেছি। তাই এই আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে এতিম ও অসহায় মানুষদের দাওয়াত করে আপ্যায়নের আয়োজন করেছি। ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই।”
