সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া পৌর শহরে প্রকাশ্য দিবালোকে এক দুঃসাহসিক ও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। একটি আবাসিক বাড়ির জানালা ভেঙে ভেতরে ঢুকে নগদ ১০ লাখ টাকা ও প্রায় ৮ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৯ মে) ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে পৌর শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা শাহিনুর রহমান শাহিনের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
পৌর এলাকার মতো একটি জনবহুল ও ব্যস্ততম জায়গায় দিনেদুপুরে এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে ছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এরপর ভেতরের আলমারির তালা ভেঙে নগদ ১০ লাখ টাকা এবং নারীদের ব্যবহারের প্রায় ৮ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। পরে দুপুরের দিকে পরিবারের লোকজন বাসায় ফিরে ঘরের আসবাবপত্র এলোমেলো এবং জানালা ভাঙা দেখে চুরির বিষয়টি টের পান।
ভুক্তভোগী শাহিনুর রহমান শাহিন বলেন, জরুরি কাজে আমরা কিছু সময়ের জন্য বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি সব শেষ। দিনের আলোতে এমন জনবহুল এলাকায় জানালা ভেঙে সব লুট হয়ে যাবে, তা ভাবতেও পারছি না। আমরা দ্রুত এই চক্রটির গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দাবি করছি।
এদিকে ঘটনার খবর পেয়ে সিংড়া থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই চুরির ঘটনার সঙ্গে কারা জড়িত, তাদের শনাক্ত করতে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে। অপরাধীদের আটকে অভিযান চলছে।
