আব্দুল মজিদ, নাটোর : নাটোরের বাগাতিপাড়া উপজেলায় নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং চিকিৎসক-নার্সসহ স্বাস্থ্যকর্মীদের আইনগত সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১টায় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ইউএইচএফপিও ফোরামের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় তারা স্বাস্থ্যসেবার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হাসপাতালগুলোতে সহিংসতা বন্ধে কার্যকর আইন প্রয়োগের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মোহাম্মদ রেজানুল হক। তিনি বলেন, “চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ওপর বিনা কারণে হামলা ও হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। কোনো রোগী হাসপাতালে মারা গেলেই সেটিকে চিকিৎসকের অবহেলা হিসেবে দেখার প্রবণতা ঠিক নয়।”
তিনি আরও বলেন, “বর্তমানে ১০০ শয্যার হাসপাতালে অতিরিক্ত রোগীর চাপ সামলাতে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হচ্ছে। সীমিত জনবল ও অবকাঠামোর মধ্যেও তারা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু অনেক সময় রোগীর স্বজনরা আবেগতাড়িত হয়ে উত্তেজিত আচরণ করেন, যা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে।”
ডা. রেজানুল হক বলেন, “কোনো ডাক্তারই রোগীর শত্রু নয়। আমরা জনগণের সেবার জন্য কাজ করি। একজন রোগীকে সুস্থ করে তুলতে চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ চেষ্টা করেন। তারপরও কোনো রোগী মারা গেলে সেটি আমাদেরও কষ্ট দেয়।”
বক্তারা বলেন, স্বাস্থ্যখাতে সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিত না হলে চিকিৎসাসেবার মান ব্যাহত হবে। তাই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যসেবার পরিবেশ স্বাভাবিক রাখতে রোগীর স্বজন, সাধারণ জনগণ এবং স্বাস্থ্যকর্মীদের পারস্পরিক সহনশীলতা ও সহযোগিতার আহ্বান জানান।
