দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : শরীয়তপুরে চিকিৎসক ডা. নাসির এবং রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা. রায়হান রাব্বানীর ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবিও জানান বক্তারা।

বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ঝিনাইদহ জেলা শাখা। ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকরা অংশ নেন। এসময় তারা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুস্তাফিজুর রহমান, ড্যাব জেলা শাখার সিনিয়র নেতা ডা. হাসানুজ্জামান, আজীবন সদস্য ডা. আব্দুল খালেক, সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. আনোয়ারুল ইসলাম, ডা. মোকাররম হোসেন, ডা. রেজাউল ইসলাম, ডা. আরাফাত রহমান, ডা. জাকির হোসেন,অর্থোপেডিক বিশেষজ্ঞ মনিরুল ইসলাম, শাহিন ঢালী, শুভসহ অন্যান্য চিকিৎসক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। চিকিৎসকরা জীবন বাজি রেখে সাধারণ মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, অথচ বারবার হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান তারা।

মানববন্ধন শেষে চিকিৎসকরা ভবিষ্যতে এ ধরনের হামলার ঘটনায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন