আব্দুল মজিদ, নাটোর জেলা প্রতিনিধি :
দেশের অন্যতম আস্থাভাজন আর্থিক প্রতিষ্ঠান Islami Bank Bangladesh PLC-এর উপর কথিত নগ্ন হস্তক্ষেপ ও অস্থিতিশীলতার ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির গ্রাহকেরা।
রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টায় শহরের কানাইখালী এলাকায় ইসলামী ব্যাংকের শাখার সামনে “ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম”-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক গ্রাহক অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন আতিকুল ইসলাম রাসেল, জোবায়দা কাঁকন লিপি, আলী আল মাসুদ মিলন, মাহবুব ও শাহনাজ শেলী। বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের সাধারণ মানুষ, ক্ষুদ্র উদ্যোক্তা, ব্যবসায়ী ও প্রবাসীদের আস্থা ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বক্তারা অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে এস আলম গ্রুপের অযাচিত হস্তক্ষেপে ব্যাংকটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে। হাজার হাজার কোটি টাকা লোপাটের মাধ্যমে ব্যাংকটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হয়েছিল বলেও তারা দাবি করেন।
তারা আরও বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ইসলামী ব্যাংক আবারও তার হারানো ঐতিহ্য, সুনাম ও গ্রাহক আস্থা ফিরে পাওয়ার পথে এগোচ্ছিল। কিন্তু একটি বিশেষ মহলের সহযোগিতায় ফের ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপ শুরু হওয়ায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে গ্রাহকদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।”
মানববন্ধনে বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠিত ও আস্থাভাজন ব্যাংককে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তারা অবিলম্বে এসব হস্তক্ষেপ ও ষড়যন্ত্র বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
এসময় বক্তারা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। অন্যথায় দেশের কোটি কোটি গ্রাহক বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে গ্রাহকেরা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
