কিশোর-কিশোরী ও ভূমিহীন সংগঠনের প্রতিবাদী অবস্থান
আব্দুল মজিদ, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় ধর্ষণ, নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে অংশ নেয় কিশোর-কিশোরী ও ভূমিহীন সংগঠনের সদস্যরা।
রোববার (২৪ মে) বাগাতিপাড়া উপজেলার প্রধান সড়কে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় কিশোর-কিশোরী, নারী সদস্য ও সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ধর্ষণ, নারী নির্যাতন ও সামাজিক সহিংসতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন ভূমিহীন সংগঠনের কিশোরী প্রতিনিধি বিন্দু আক্তার এবং কিশোর প্রতিনিধি তুহিন আহমেদ।
তারা বলেন, সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি শিশু ও নারীদের প্রতি সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
সংগঠন পর্যায় থেকে বক্তব্য দেন ভূমিহীন নেত্রী শিখা বেগম এবং ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি জালাল উদ্দিন।
বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজের প্রতিটি মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে।
এ সময় শুভাকাঙ্ক্ষী হিসেবে উপস্থিত ছিলেন উত্তম কুমার ভৌমিক ও ইদ্রিস আলী। এছাড়া “নিজেরা করি” পক্ষ থেকে কর্মসূচিতে অংশ নেন কর্মসূচি সংগঠক শাহমিস বিউটি এবং অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। ব্যানারে নারী নির্যাতন বন্ধ, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি এবং নিরাপদ সমাজ গঠনের দাবি তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
