মাদক, দুর্নীতি ও দলীয় শৃঙ্খলার বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন প্রতিমন্ত্রী পুতুল


আব্দুল মজিদ, নাটোর : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল উন্নয়ন, কর্মসংস্থান, মাদকবিরোধী অভিযান ও দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।

বাগাতিপাড়া উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী মাদক ব্যবসায়ীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “মামলা রুজু হবে, প্রত্যেক মাদক ব্যবসায়ী কারাগারে থাকবে। আমাদের সন্তানদের জীবন নিয়ে আপনাদেরকে খেলতে দেব না।” তাঁর এ বক্তব্যে মাদকমুক্ত সমাজ গঠনে সরকারের দৃঢ় অবস্থানের প্রতিফলন ঘটে।

তিনি বলেন, “বাগাতিপাড়া উপজেলায় কর্মসংস্থানের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ।” একইসঙ্গে উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টিকারীদের প্রতিও সতর্কবার্তা দিয়ে তিনি জানান, শুধু সতর্ক করাই নয়, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণও শুরু হবে।


দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করে ফারজানা শারমিন পুতুল বলেন, জাতীয়তাবাদী দল বহু ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। তাই দলকে ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার কোনো সুযোগ দেওয়া হবে না। তিনি বলেন, “বিএনপিকে সুসংগঠিত করুন, সংগঠন তৈরি করুন। যারা মানুষের জন্য কাজ করতে এসেছে, তাদের নিয়েই শক্তিশালী সংগঠন গড়ে তোলা হবে।”

তিনি আরও জানান, খুব শিগগিরই সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে মাঠপর্যায়ে কাজ শুরু করবেন। দলের নিবেদিতপ্রাণ কর্মীদের মূল্যায়নের পাশাপাশি সুযোগসন্ধানীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও ইঙ্গিত দেন।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি দলের সুনাম নষ্ট করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমার ডানে-বামে যারা রয়েছে তারা হলেও ছাড় পাবে না।”

লালপুর-বাগাতিপাড়ার উন্নয়ন ও সরকারি সুযোগ-সুবিধা বণ্টনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জনগণের জন্য বরাদ্দকৃত সম্পদ ও সুযোগ-সুবিধায় কেউ হস্তক্ষেপ করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। জনগণের অধিকার নিশ্চিত করতে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল রশিদ চৌধুরী, মোহাম্মদ নেকবর হোসেন এবং তোফাজ্জল হোসেন মিঠু। এছাড়াও উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ সোহেল রানা এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোশাররফ হোসেন। তিনি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল গালিমপুর হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের এই বক্তব্য শুধু একটি স্মরণসভায় সীমাবদ্ধ ছিল না; বরং এতে মাদক, দুর্নীতি, দলীয় শৃঙ্খলা এবং উন্নয়নকে ঘিরে ভবিষ্যৎ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকৌশলের একটি স্পষ্ট বার্তা উঠে এসেছে। তাঁর বক্তব্যে যেমন উন্নয়নের প্রতিশ্রুতি ছিল, তেমনি ছিল আইনভঙ্গকারী, দুর্নীতিবাজ এবং দলীয় শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর বক্তব্য নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে উপস্থিতদের অনেকে মত প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন