নাজমুল হুদা, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা উপজেলায় আলোচিত হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর ২০২৫ তারিখে জলঢাকা উপজেলার উত্তর দেশীবাই এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় মসজিদের মোয়াজ্জিন ফরিদুল ইসলাম (৬৫) মারামারি থামাতে গেলে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে জলঢাকা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয়রা মানববন্ধনও করেন।
জলঢাকা থানা পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল রাজধানী ঢাকায় অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত তিন আসামি— এনামুল হক, হামিদা বেগম ও হাচানুর রহমানকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
