সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পীকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকালে নিজ বাসায় অবস্থানকালে সাকিব আহমেদ বাপ্পী জানতে পারেন, "আব্দুস সামাদ" নামের একটি ফেসবুক আইডি থেকে এআই প্রযুক্তির মাধ্যমে তার ভিডিও বিকৃত করে অশ্লীল ও মানহানিকর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।
জিডিতে তিনি উল্লেখ করেন, এ ধরনের বিকৃত ভিডিও প্রকাশের কারণে তিনি পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে সম্মানহানির শিকার হওয়ার আশঙ্কা করছেন। একই সঙ্গে অভিযোগে বলা হয়েছে, ওই ফেসবুক আইডি থেকে এর আগেও বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতাকর্মীকে নিয়ে একই ধরনের মানহানিকর ভিডিও প্রকাশ করা হয়েছে।
এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় জিডি নং-১৫৭৬, জিডি ট্র্যাকিং নং-CQA3PV, তারিখ ২৪ জুলাই ২০২৬ হিসেবে সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে।
সাকিব আহমেদ বাপ্পী এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
