ফরিদগঞ্জের আলোনিয়া গুপ্তের বিলে একদিন: প্রকৃতির সান্নিধ্যে রায়পুরের সাংবাদিকদের ভ্রমণ


শিপন পাটওয়ারী, রায়পুর প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৫ নম্বর চর দুঃখিয়া পূর্ব ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আলোনিয়া ও গুপ্তের বিল এখন ভ্রমণপ্রেমীদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিতি পাচ্ছে। শনিবার (২৫ জুলাই) লক্ষ্মীপুরের রায়পুর থেকে একদল সাংবাদিক ও ভ্রমণপ্রেমী দিনব্যাপী এ মনোরম এলাকায় ভ্রমণ করেন।

ভ্রমণকালে তারা গুপ্তের বিলের নির্মল পরিবেশ, শীতল বাতাস, সবুজে ঘেরা বিস্তীর্ণ ফসলি মাঠ এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। আড্ডা, ফটোসেশন এবং প্রকৃতির নান্দনিক দৃশ্য উপভোগের মধ্য দিয়ে দিনটি আনন্দঘন পরিবেশে কাটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বর্ষাকালে গুপ্তের বিল পানিতে পরিপূর্ণ হয়ে অপরূপ সৌন্দর্যে সেজে ওঠে। আর শুষ্ক মৌসুমে বিলজুড়ে বোরো ধানসহ বিভিন্ন ফসলের আবাদ হয়। কৃষিনির্ভর এ অঞ্চল স্থানীয় অর্থনীতির পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


ভ্রমণ শেষে রায়পুর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক আরিফ হোসেন রুদ্র বলেন, “রায়পুর ও ফরিদগঞ্জ পাশাপাশি উপজেলা হওয়ায় অল্প সময়ে এখানে এসে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করা যায়। বিকেলের শীতল আবহাওয়া, খোলা প্রান্তর ও নির্মল বাতাস মনকে সত্যিই প্রশান্ত করে। এটি ভ্রমণপিপাসুদের জন্য একটি আকর্ষণীয় স্থান।”

এ সময় উপস্থিত ছিলেন সরেজমিন পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক শিপন পাটোয়ারী, আজকালের কণ্ঠ-এর জেলা প্রতিনিধি জাকির হোসেন জুয়েল এবং দৈনিক ভোরের আলো-এর সাংবাদিক নাহিদুর রহমান দুলাল।

স্থানীয় সচেতন মহলের মতে, কৃষিজমি থেকে অপরিকল্পিতভাবে মাটি কাটা ও জলাভূমি ভরাটের মতো কার্যক্রম নিয়ন্ত্রণ করে এ প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা জরুরি। যথাযথ উদ্যোগ নেওয়া হলে আলোনিয়া ও গুপ্তের বিল ভবিষ্যতে প্রকৃতিপ্রেমী, আলোকচিত্রী ও ভ্রমণকারীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন