জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালনে বাগাতিপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


আব্দুল মজিদ, নাটোর : জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক জনসম্পৃক্ততার মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক। সভায় দিবসটি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনায় উপজেলার সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়া আলোচনা সভা, জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিগুলো সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজাওয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকুনুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আবু রায়হান, উপজেলা জামায়াতের আমির কে. এম. আফজাল হোসেন, ক্যাব সভাপতি আব্দুল মজিদ, ছাত্রদলের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনা, নাগরিক অধিকার এবং আত্মত্যাগের ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। এ দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অর্থবহ কর্মসূচি গ্রহণের পাশাপাশি সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। তারা বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গৃহীত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন