আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনার পর রাস্তার দুপাশ যানবাহন ও পথচারীদের চলাচলের উপযোগী রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার যমুনা ব্রিজের পূর্ব পাশে সড়কের দুই পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম। এ সময় পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি যমুনা ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনার পর সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা ও দখলমুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা সরিয়ে দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচলের জায়গা উন্মুক্ত করা হয়। এতে ওই এলাকায় সড়কের দুই পাশ কিছুটা ফাঁকা হয়ে আসে এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম বলেন, সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা অপসারণে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চলবে। জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কোনো অবৈধ স্থাপনা সড়কের পাশে রাখতে দেওয়া হবে না।
স্থানীয়রা জানান, সড়কের পাশে অবৈধ স্থাপনা ও দখলের কারণে অনেক সময় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে। প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে মনে করছেন তারা।
.jpg)