২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৯ জনের বৃত্তি অর্জন, সংবর্ধনায় সম্মানিত কৃতী শিক্ষার্থীরা



পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের ঈর্ষণীয় সাফল্য

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহার উপজেলার অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আল হেলাল ইসলামী  একাডেমি অ্যান্ড কলেজ পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় চমকপ্রদ সাফল্য অর্জন করেছে। চলতি বছরের বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৯ জন এবং সাধারণ গ্রেডে ১০ জনসহ মোট ১৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

এ উপলক্ষে (রোববার) সকাল ১০টায় কলেজের স্কুল প্রাঙ্গণে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুল আলম। তিনি বলেন, “শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের জন্য অত্যন্ত গর্বের। এটি শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক শাখার ইনচার্জ মো. নবীবর রহমান, গভর্নিং বডির সভাপতি মাওলানা আব্দুল বাঁকী, ম্যানেজিং কমিটির সদস্য মো. আমিনুল হক ও মো. সাদেকুল ইসলাম শাহ চৌধুরীসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় অভিভাবকরা শিক্ষার্থীদের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আল হেলাল ইসলামী একাডেমি অ্যান্ড কলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য সাপাহারের শিক্ষা অঙ্গনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন