আব্দুর মজিদ, নাটোর : নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীন এবং জেলার লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যাহার করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বরমান হোসেন স্বাক্ষরিত এক আদেশে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে, রাজশাহী বিভাগীয় সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মণ স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ এবং বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাককে বদলি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, লালপুরের ইউএনও মো. বরকত উল্লাহকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে। আর বাগাতিপাড়ার ইউএনও দেবাশীষ বসাককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে।
একসঙ্গে জেলা প্রশাসক ও দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যাহার ও বদলির ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব বদলি ও প্রত্যাহারের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
