নাটোরে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়


আব্দুল মজিদ, নাটোর : নাটোর জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ সুমনী আক্তারের সঙ্গে জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তারের সভাপতিত্বে আয়োজিত সভায় নাটোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

মতবিনিময় সভায় সাংবাদিকরা নাটোর জেলার সার্বিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং জনদুর্ভোগ লাঘবে করণীয় বিষয়ে জেলা প্রশাসকের কাছে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, সামাজিক অবক্ষয় প্রতিরোধ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

আলোচনায় বিশেষ গুরুত্ব পায় দেশের অন্যতম বৃহৎ জলাভূমি চলনবিল। চলনবিলের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ সংরক্ষণ, অবাধে মাছ আহরণ বন্ধ, বিলের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং জলাভূমি ও আবাদি জমি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন সাংবাদিকরা।

এ ছাড়া কৃষিপ্রধান নাটোরের কৃষিজমি রক্ষা, অপরিকল্পিতভাবে কৃষিজমি ব্যবহার বন্ধ, পরিবেশ দূষণ প্রতিরোধ, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে যাতে হয়রানি বা ভোগান্তির শিকার না হন—সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য দেন নাটোর প্রেসক্লাবের সভাপতি শহীদুল হক সরকার, সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল, এনটিভির হালিম খান, সময় টেলিভিশনের আল মামুন, দৈনিক দেশ রূপান্তরের আব্দুল হাকিম, ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, প্রথম আলোর মুক্তার হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর, বাস্তবমুখী ও সময়োপযোগী উদ্যোগ কামনা করেন।

নবাগত জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। তিনি নাটোরের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে প্রশাসন, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন