মেধাবী ফাতেমার উচ্চশিক্ষার স্বপ্নে প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকার সহায়তা



আব্দুল মজিদ,  নাটোর :

চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাঁকফো গ্রামের মেধাবী শিক্ষার্থী মোছাঃ ফাতেমা খানমের পাশে দাঁড়িয়েছে সরকার। তাঁর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে।

ফাতেমা খানম কাঁকফো গ্রামের লাবলুর মেয়ে। মেধাবী এই শিক্ষার্থী চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অর্থ সংকটের কারণে তাঁর ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল তাঁর পাশে দাঁড়ান।

পরে ফাতেমা খানমের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও প্রাথমিক শিক্ষাখরচ মেটাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকার অনুদানের ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফাতেমার হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।

অর্থনৈতিক সংকটের কারণে একজন মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য সহযোগিতা করায় প্রধানমন্ত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ভবিষ্যতে ফাতেমার পড়াশোনা চালিয়ে যেতে অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় ফাতেমা খানমকে নিয়ে গর্বিত বাগাতিপাড়ার এলাকাবাসী। তাঁরা ফাতেমার সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন