বনানীতে ৫৭ লাখ জাল টাকায় স্বর্ণ কিনতে গিয়ে একজন গ্রেপ্তার


মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) ও মো. সাইদুল ইসলাম : 

ঢাকা মহানগরীর বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্সের দোকানে স্বর্ণালংকার কেনার নামে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট দেওয়ার অভিযোগে মো. রুবেল আহম্মেদ ফকির (৪৬) নামের ১ জনকে গ্রেপ্তার করেছে বনানী থানা পুলিশ। এ সময় তার সাথে থাকা অপর এক সহযোগী  আব্দুল্লাহ আল কাফি পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা যায়।

গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে বলে ঢাকা মহানগর পুলিশের  মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে বনানী সুপার মার্কেটের একটি জুয়েলার্সের দোকানে দুই ব্যক্তি ক্রেতা পরিচয়ে প্রবেশ করে। তারা এক আত্মীয়ের বিয়ের জন্য প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার কেনার আগ্রহ প্রকাশ করেন। স্বর্ণালংকার পছন্দ করে বিল করার পর মূল্য পরিশোধের জন্য একটি কালো ট্রলি ব্যাগ থেকে টাকার বান্ডিল বের করেন।

পুলিশ জানায়, টাকাগুলো দেখে দোকানের কর্মচারীদের সন্দেহ হলে তারা সেগুলো কথিত জাল নোট হিসেবে শনাক্ত করেন। বিষয়টি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন একজনকে পাকরাও করলেও অপর ব্যক্তি পালিয়ে যান।

খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। পরে তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার কথিত জাল নোট জব্দ করে। 

পুলিশের অপরাধসংক্রান্ত তথ্যানুযায়ী এবং (সিডিএমএস) অনুযায়ী, রুবেল আহম্মেদ ফকিরের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন জেলায় জাল নোট, প্রতারণা, মানি লন্ডারিং ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মোট ১৬টি মামলা বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এব্যপারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন