সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নতুন ধরনের মাদক ‘কুশ’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১২ কেজি ‘কুশ’, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ এক যুবককে আটক করা হয়েছে। জব্দকৃত আলামতের মোট আনুমানিক মূল্য ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি-এর সার্বিক নির্দেশনায় ব্যাটালিয়ন সদর থেকে পরিচালিত একটি বিশেষ আভিযানিক দল সদর উপজেলার মাধবকাঠি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সদস্যরা মাধবকাঠি বাজার এলাকায় অবস্থান নেন। এ সময় সাতক্ষীরা শহর থেকে ঝাউডাঙ্গা বাজারের দিকে মোটরসাইকেলে যাওয়ার পথে সন্দেহভাজন মো. তারিকুজ্জামান (২৪)-কে থামিয়ে তল্লাশি চালানো হয়। তিনি কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের বাসিন্দা। তল্লাশিকালে তার কাছ থেকে ১২ কেজি ‘কুশ’ নামের মাদক উদ্ধার করা হয়। পরে তাকে একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনসহ আটক করা হয়।
বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ১২ কেজি ‘কুশ’-এর আনুমানিক মূল্য ৬ কোটি টাকা। এছাড়া জব্দ করা মোটরসাইকেলের মূল্য ২ লাখ টাকা এবং দুটি মোবাইল ফোনের মূল্য ১ লাখ ৫২ হাজার টাকা। সব মিলিয়ে জব্দকৃত আলামতের মোট মূল্য দাঁড়ায় ৬ কোটি ৩ লাখ ৫২ হাজার টাকা।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কুশ’ মূলত মারিজুয়ানা গাছের ফুল বা কুঁড়ি থেকে তৈরি এক ধরনের মাদক। বিশ্বের বিভিন্ন দেশে এতে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল (THC) মিশিয়ে এটি লিইড, পাউডার বা ট্যাবলেট আকারেও সিনথেটিক মাদক হিসেবে বাজারজাত করা হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ভারতের সঙ্গে সাতক্ষীরা ব্যাটালিয়নের ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। তিনি মাদকের ভয়াবহতা সম্পর্কে সামাজিক ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
