কুমিল্লায় সংসদ সদস্য জসিম উদ্দিনের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন জসিমের নেতৃত্বে ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সাড়ে ৩ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত ব্রাহ্মণপাড়া উপজেলার শ্বশীদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার একপর্যায়ে শ্বশীদল ইউনিয়নের বাগড়া পশ্চিমপাড়া এলাকার জসিম রোডে অভিযান চালিয়ে সীমা বেগম ওরফে লাকী আক্তার (২৬) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, তাঁর কাছ থেকে বডি ফিটিং অবস্থায় ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটককৃত সীমা বেগম ওরফে লাকী আক্তার চাঁদপুরের হাইমচর উপজেলার কমলাপুর এলাকার খোকন মিয়ার মেয়ে। সে বর্তমান কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজার এলাকার বাসিন্দা। উক্ত অভিযানে সংসদ সদস্য জসিম উদ্দিন জসিমের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম।
এছাড়াও ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি অভিযান পরিচালনাকারী দল অভিযানে সহযোগিতা করেন।ব্রাহ্মণপাড়া থানা পুলিশ সূত্র জানায়, আটককৃত নারী, একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তাঁর কাছ থেকে উদ্ধার করা গাঁজার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
অভিযান সম্পর্কে সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।
পাশাপাশি তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
