পরিবেশ দূষণের অপরাধে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্ক'কে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমানা
এসএম মিরাজ হোসেন টিপুঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ত্রিবর্দী এলাকায় অবস্থিত চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্ক কম্পোজিট লিমিটেড কর্তৃক দীর্ঘদিন যাবৎ পরিবেশ দূষণ করে প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত সহ তৎসংলগ্ন এলাকায় বসবাসকারী জনসাধারণকে বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত করে স্বাস্থগত সমস্যা ও ক্ষতিসাধনের দায়ে উল্লেখিত প্রতিষ্ঠানকে ৭৪ লক্ষ ৪ হাজার টাকা জরিমানা ধার্য্য করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।
(৩১ আগস্ট) সোমবার দুপুর ১২ ঘটিকার সময় পরিবেশ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুন পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় প্রধান কার্যালয়ের নমুনা সংগ্রহকারী দল প্রতিষ্ঠানটি সরেজমিন পরিদর্শন কালে কারখানার প্রতিনিধিদের উপস্থিতিতে ইটিপির নির্গমনস্থল থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করে। পরে নমুনাগুলো পরিবেশ অধিদপ্তরের ঢাকাস্থ গবেষণাগারের পরীক্ষায় তরল বর্জ্যে জৈব অক্সিজেন চাহিদা (বিওডি) ৭৬ মিলিগ্রাম/লিটার, রাসায়নিক অক্সিজেন চাহিদা (সিওডি) ৪২৯ মিলিগ্রাম/লিটার, মোট স্থগিত কঠিন পদার্থ (টিএসএস) ১৩৯ মিলিগ্রাম/লিটার, পিএইচ ৯ দশমিক ১৬ এবং রঙের মাত্রা ৫৩৩ পিটি-কো পাওয়া যায়।
পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরোও বলা হয়, এসব মান পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ অনুযায়ী নির্ধারিত গ্রহণযোগ্য মাত্রার অধিক বাইরে। যার ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ প্রমাণিত হয়েছে।
পরবর্তীতে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৭ অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য ক্ষয়ক্ষতি নিরূপণের ভিত্তিতে উল্লেখিত ক্ষতিপূরণ বাবদ চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্ক কম্পোজিট লিমিটেডের বিরুদ্ধে ৭৫ লাখ ৪ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।
