- মাদক, জুয়া, চুরি ও বিদ্যুৎ সমস্যা নিয়ে আলোচনা
নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় আগস্ট মাসের উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের ‘বড়াল’ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান পিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদক, জুয়া, ছোটখাটো চুরি, বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা ও বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ে আলোচনা হয়।
সভায় ক্যাব সভাপতি ও বাগাতিপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুল মজিদ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও জুয়ার বিস্তার, ছোটখাটো চুরি এবং বিদ্যুৎ সংক্রান্ত সমস্যার বিষয়টি তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের কার্যকর ও নিয়মিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান পিয়া বলেন, মাদক, জুয়া ও অন্যান্য অপরাধ-অনিয়ম প্রতিরোধে নিয়মিত ও ঘনঘন ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নেকবার হোসেন, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী, বাগাতিপাড়া, যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান, মহিলানেত্রী আইভি আক্তারসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
