অপরাধ দমনে সক্রিয় আশফাক রাগীব হাসান, ডিবি দক্ষিণে দায়িত্বের শুরুতেই একের পর এক অভিযান


আব্দুল মজিদ:  আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং গোয়েন্দা কার্যক্রমে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় নিয়ে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব নিয়েছেন আশফাক রাগীব হাসান। গত ৪ সেপ্টেম্বর ২০২৬ তিনি নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি। তাঁর যোগদানের পরপরই কেরানীগঞ্জসহ ডিবি দক্ষিণের আওতাধীন এলাকায় মাদক, জুয়া ও অপরাধবিরোধী একাধিক অভিযান পরিচালিত হয়েছে। 

দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্যের খবর পাওয়া গেছে। ৫ সেপ্টেম্বর কেরানীগঞ্জ মডেল থানার ছাটগাঁও এলাকায় ডিবির অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।  অভিযানটি ওসি আশফাক রাগীব হাসানের দিকনির্দেশনায় পরিচালিত হয়। 

এরপর ২১ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় আরেকটি বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবা, ৬০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকা উদ্ধারের কথা জানায় পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়। এই অভিযানটির নেতৃত্বেও ওসি আশফাক রাগীব হাসানের নাম উল্লেখ করা হয়েছে। 

শুধু মাদকবিরোধী অভিযানেই নয়, জুয়া প্রতিরোধেও সক্রিয় রয়েছে ডিবি দক্ষিণ। ১৩ সেপ্টেম্বর কেরানীগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ ২ হাজার ১০০ টাকা ও তিন সেট তাস জব্দ করা হয়। এ অভিযানও আশফাক রাগীব হাসানের নেতৃত্বে পরিচালিত হয়েছে বলে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে। 

অপরাধ দমনে তাঁর অভিজ্ঞতারও রয়েছে আগের কর্মস্থলের নজির। ২০২৪ সালে নবাবগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতির একটি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে আশফাক রাগীব হাসানের নেতৃত্বাধীন অভিযানে মামলার প্রধান আসামিকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরে আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ২১ ভরি স্বর্ণালংকার, রুপা ও নগদ অর্থ উদ্ধারের কথা সংবাদে প্রকাশিত হয়। ওই মামলার তদন্তের ধারাবাহিকতায় পরবর্তীতে ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের তথ্যও প্রকাশিত হয়েছে। 

অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান ওসি আশফাক রাগীব হাসানের। সম্প্রতি কেরানীগঞ্জে ডিবির সোর্স পরিচয় ব্যবহার করে অপরাধের অভিযোগের ঘটনাতেও তাঁর বক্তব্য প্রকাশিত হয়েছে। তিনি জানান, ডিবির পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এতে দেখা যায়, দায়িত্ব পালনের ক্ষেত্রে শুধু অপরাধীদের বিরুদ্ধে অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে কেউ অপরাধ করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অবস্থান প্রকাশ্যে জানিয়েছেন তিনি।

ঢাকা জেলা ডিবি দক্ষিণের নতুন ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রকাশিত প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশফাক রাগীব হাসানের পেশাদারিত্ব, দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে ডিবি দক্ষিণের কার্যক্রম আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। 

ওসি আশফাক রাগীব হাসান প্রতিনিধিকে বলেন, “অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ডিবি দক্ষিণের আওতাধীন এলাকায় মাদক, জুয়া, চাঁদাবাজি, প্রতারণাসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে চলবে। অপরাধী যতই প্রভাবশালী হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়।

একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে কেউ যদি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়, তার বিরুদ্ধেও কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত করে প্রত্যেকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের মূল লক্ষ্য হলো পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে মানুষের নিরাপত্তা ও পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও শক্তিশালী করা। অপরাধ নিয়ন্ত্রণে ডিবি দক্ষিণের প্রতিটি সদস্যকে দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের সহযোগিতা নিয়ে আমরা একটি নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করে যাব।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন