- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা জোরদারের প্রত্যাশা
নিজস্ব প্রতিবেদক : ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)-এর নবনির্বাচিত নির্বাহী কমিটির অভিষেক ও ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠান ‘BBCCI Leadership Inauguration & Business Reception 2026’-এ অংশ নিয়েছেন ইউ.এস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউএসবিসিসিআই) -এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. লিটন আহমেদ।
অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি নবনির্বাচিত নেতৃত্বকে উষ্ণ অভিনন্দন জানান এবং বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
লিটন আহমেদ বলেন, “BBCCI Leadership Inauguration & Business Reception 2026-এ অংশ নিতে পেরে আমি আনন্দিত। ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নির্বাহী কমিটির নেতৃত্বকে অভিনন্দন জানাই।”
তিনি আরও বলেন, ইউ.এস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউএসবিসিসিআই) -এর পক্ষ থেকে নতুন নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বাংলাদেশের বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে আমি আগ্রহী।
তার মতে, তিন দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে বাণিজ্য, বিনিয়োগ ও উদ্যোক্তা উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব।
এ সময় তিনি বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে আন্তর্জাতিক যোগাযোগ ও অংশীদারত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন।
BBCCI-এর নতুন নেতৃত্বের যাত্রা এবং ব্যবসায়িক সংবর্ধনা অনুষ্ঠানকে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
USBCCI ও BBCCI-এর পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক বাজারে নতুন সুযোগ সৃষ্টি, বিনিয়োগ সম্প্রসারণ এবং উদ্যোক্তা উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।