‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি


আব্দুল মজিদ, নাটোর : ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধ, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

তমালতলা মোড় বাজার থেকে র‍্যালিটি বের হয়। ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাফর আহমেদের নেতৃত্বে র‍্যালিটি চকহরিরামপুর, কলেজপাড়া ও নূরপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় তমালতলা মোড় বাজারে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে এলাকাবাসীকে সচেতন করেন। এ সময় মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার আহ্বান জানানো হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি তারিকুল ইসলাম তরু, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঘুঘু, সাংগঠনিক সম্পাদক আন্তাজ আলী, মিঠুন, গলজার, তুষারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী।

সংক্ষিপ্ত বক্তব্যে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাফর আহমেদ বলেন, “আমাদের এলাকায় মাদকের ভয়ংকর বিস্তারের কারণে যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। যুবসমাজ দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই সবাইকে সমন্বিতভাবে কাজ করে মাদকের প্রভাব থেকে তাদের রক্ষা করতে হবে।” তিনি মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বাগাতিপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি তারিকুল ইসলাম তরু বলেন, “মাদককে না বলুন, সুস্থ-সুন্দর সমাজ গড়ুন। আমাদের নূরপুর, চকহরিরামপুর ও কলেজপাড়া এলাকায় মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। এর ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করাই আমাদের উদ্দেশ্য।”

এ সময় বন্ধু সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংস্থা ও বাগাতিপাড়া প্রেসক্লাবের সেক্রেটারি তৌফিকুল ইসলাম বলেন, “আমরাও আমাদের সংস্থার পক্ষ থেকে মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকি। তবে মাদকমুক্ত সমাজ গড়তে শুধু একটি সংগঠন বা প্রতিষ্ঠানের উদ্যোগ যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে নিয়মিত মাদকবিরোধী অভিযান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া জরুরি।”

র‍্যালিতে অংশ নেওয়া স্থানীয় এক বাসিন্দা বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তবে শুধু সচেতনতা সৃষ্টি নয়, মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ও নিয়মিত অভিযান প্রয়োজন। পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, মাদকবিরোধী এ ধরনের সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে নূরপুর, চকহরিরামপুর ও কলেজপাড়াসহ বাগাতিপাড়াকে মাদকের ভয়াবহতা থেকে মুক্ত করা সম্ভব হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন