- বাগাতিপাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আব্দুল মজিদ, নাটোর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাগাতিপাড়া উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির দীর্ঘ রাজনৈতিক পথচলা, দলের প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুল ইসলাম জামালের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
প্রধান অতিথির বক্তব্যে ফারজানা শারমিন পুতুল বলেন, “বিএনপি একটি দীর্ঘ রাজনৈতিক ঐতিহ্যের দল। বাংলাদেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও মানুষের কল্যাণে বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সবসময় জনগণের পাশে দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন, “বাগাতিপাড়া ও লালপুরের মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অন্যতম লক্ষ্য। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে। দলের প্রতিটি নেতাকর্মীকে মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে হবে।”
আলোচনা সভায় বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক রশিদ চৌধুরী, নেকবর হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু রায়হান, মহিলা নেত্রী আইভি রহমানসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ফারজানা শারমিন পুতুল উপজেলা প্রশাসনের আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন।
এছাড়া তিনি পৌরসভার উত্তর মুরাদপুর এলাকায় আগুনে পোড়া একটি বাড়ি পরিদর্শন করেন।

