আব্দুল মজিদ, নাটোর : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা বিএনপির আয়োজনে শহরের আলাইপুর উপশহর মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপশহর মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-২ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, তারাই ধ্বংস হয়ে গিয়েছে। যারা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে।”
তিনি বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছে। নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মধ্যেও দলটি জনগণের পাশে রয়েছে।
দুলু বলেন, বিএনপিকে যতবারই দমন-পীড়নের মাধ্যমে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে, ততবারই দলটি আরও শক্তিশালী হয়ে জনগণের কাছে ফিরে এসেছে।
সমাবেশে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, সাবিনা ইয়াসমিন ছবিসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
