আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর সাপাহারে উৎসবমুখর পরিবেশে আইহাই ইউনিয়ন ও পাতাড়ী ইউনিয়নের মধ্যে মেগা ফাইনাল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে ৪-৩ গোলে পাতাড়ী ইউনিয়নকে পরাজিত করে আইহাই ইউনিয়ন।
শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার আইহাই হাজারী বাগান ফুটবল মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুব আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্দিকুল আলম বকুল (মাস্টার)।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচে সহস্রাধিক দর্শক ও স্থানীয় জনগণ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। খেলাকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দর্শকদের উপস্থিতিতে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার, তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
