আবু রেজা, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় দয়ারামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শেখপাড়া রাজারহাট কলাবাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি করিম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী সাজদার রহমান।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল মন্টু, ইউনিয়ন যুবদলের সহ-সম্পাদক আব্দুস সালাম ও আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আলী আকবর পর্বত, সাদেক আলী প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক তয়জাল সর্দার, ইউনিয়ন যুবদলের সভাপতি আবু জাহান গাফ্ফারী, থানা ছাত্রদলের সদস্য আরিফ সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মতবিনিময় সভায় সাজদার রহমান বলেন, “দল থেকে আমাকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হলে দয়ারামপুর ইউনিয়নকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
তিনি আরও বলেন, “আমি বিগত দিনেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি। চেয়ারম্যান হতে না পারলেও ভবিষ্যতেও আপনাদের সঙ্গে থাকব এবং এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাব।”
এ সময় তিনি দলের নেতাকর্মী ও স্থানীয় জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দলীয় সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা দয়ারামপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
