বাগাতিপাড়ায় অসহায় দুই বিধবার ঘর মেরামতে বিকেএসের সহায়তা


আবু রেজা, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় অসহায় দুই বিধবা নারীর পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু কল্যাণ সংস্থা (বিকেএস)। সংগঠনটির উদ্যোগে উপজেলার নুরপুর চকপাড়া গ্রামের রিনা বেগম ও রুবি বেগমকে বসতঘর মেরামতের জন্য ঢেউটিন ও নগদ টাকা দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে বাগাতিপাড়া ইউনিয়নের নুরপুর মালঞ্চি গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে দুই বিধবা নারীর হাতে ঢেউটিন ও নগদ টাকা তুলে দেওয়া হয়। এ সহায়তার মাধ্যমে তাদের বসতঘর মেরামত ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে সহযোগিতা করা হয়েছে।

ঢেউটিন ও নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধু কল্যাণ সংস্থার উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন, উপদেষ্টা সদস্য হায়দার রশীদ সোনা, সংগঠনের সভাপতি আব্দুল মজিদ, সেক্রেটারি তৌফিকুল ইসলাম পল্লব, সদস্য মাহতাব উদ্দিন, আমিরুল ইসলাম, তয়েজ মাহমুদ, খাদিজা খাতুন, বৃষ্টি খাতুন ও শিখা বেগম। এছাড়াড়াও জনপ্রতিনিধি সহ সুধিবৃন্দরা উপস্থিত ছিলেন। 

এ সময় বন্ধু কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মজিদ বলেন, “অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো, পরিবেশের উন্নয়ন, নারী নির্যাতন ও যৌতুকপ্রথার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, এসব কার্যক্রম বন্ধু কল্যাণ সংস্থার নিয়মিত কর্মসূচির অংশ। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটাতে আমরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখতে চাই।”

অনুষ্ঠানে মৌমিতা এগ্রো ফার্ম, আইভি লেডিস কর্নার ও রিভারভিউ গার্ডেনের সত্ত্বাধিকারী এবং বাগাতিপাড়া উপজেলা বিএনপির নারী নেত্রী আইভি আক্তার বলেন, “বন্ধু কল্যাণ সংস্থার এ ধরনের মানবিক ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ প্রশংসনীয়। সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।”

তিনি বলেন, “দুটি অসহায় বিধবা নারীকে এক বান্ডিল টিন ও কিছু নগদ টাকা হয়তো খুব বড় কোনো সহায়তা মনে হতে পারে না, কিন্তু একজন অসহায় মানুষের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতা বাড়ায়।”

আইভি আক্তার আরও বলেন, বন্ধু কল্যাণ সংস্থা ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে তাদের স্বাবলম্বী ও সচেতন করতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করবে,  এটাই প্রত্যাশা। পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

স্থানীয়রা জানান, অসহায় মানুষের ঘর মেরামত ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকলে সমাজের পিছিয়ে পড়া মানুষ উপকৃত হবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন