এইসএসসিতে ফেল করে সাতক্ষীরায় শিক্ষার্থীর আত্মহত্যা! চিরকুট উদ্ধার

 


আব্দুল জলিল, সাতক্ষীরা : এইচএসসি পরীক্ষায় ফেল করায় হৃদয় (১৯) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।

নিহতের প্রতিবেশী শেখ ইয়াসিন আলিসহ কয়েকজন জানান, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর মানসিকভাবে হতাশ হয়ে পড়ে হৃদয়। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়িতে আত্মহত্যা করে।

মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আত্মহননের আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন। সেখানে বাবা-মায়ের প্রতি অনুশোচনা এবং কোনো কোনো ক্ষেত্রে শিক্ষকের দায়বদ্ধতার কথা উল্লেখ করেছেন হৃদয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত ও উদ্ধার করা চিরকুট পর্যালোচনা করে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। 

এ ঘটনায়, অপমৃত্যু মামলা (ইউডি) দায়েরের প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন