মাদারীপুরে মাদকাসক্তি প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে সচেতন মূলক সভা


শেখ সাজেদুল হক (বোরাক) :

‘মাদকাসক্তি রুখবো, সমৃদ্ধ বাংলাদেশ গড়বো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সদর উপজেলার মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের মস্তফাপুর জোনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি মোবাইল ফোনের অপব্যবহার, ইভটিজিং ও অবৈধ পথে বিদেশ গমনের ঝুঁকি সম্পর্কেও সচেতন থাকতে হবে। মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমীন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. মিল্লাত হোসেন শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান।

প্রশিকা কেন্দ্রীয় ব্যবস্থাপক অ্যাডভোকেট শারমিন জাহানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান খান ও সহকারী প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান খান।

প্রশিকা মস্তফাপুর জোনের বিভাগীয় ব্যবস্থাপক লক্ষ্মণ চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ, প্রশিকার মাদকাসক্তি কর্মসূচির প্রধান প্রদীপ কুমার বিশ্বাস, মো. আব্দুর রহিম মোল্লা, মাদারীপুর জোনের বিভাগীয় ব্যবস্থাপক সায়মা আঞ্জুমান মুন্নিসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং ও অবৈধ অভিবাসন প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন