নারীর ক্ষমতায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : হুইপ দুলু


আব্দুল মজিদ, নাটোর: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নারীর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোরের একটি কমিউনিটি সেন্টারে খান ফাউন্ডেশনের ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় নীতি নির্ধারণে নারীর কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ দুলু বলেন, বিএনপির রাজনীতি কখনোই নারীকে করুণার পাত্র হিসেবে দেখেনি, বরং শক্তির আধার হিসেবে বিবেচনা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে নারী বিষয়ক দফতর প্রতিষ্ঠা করেন এবং ১৯৭৮ সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া ১৯৯৪ সালে এটিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তর করেন। একইভাবে মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করে নারী শিক্ষার প্রসারে ভূমিকা রাখেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখতে পরিবারের জ্যেষ্ঠ নারীর জন্য ফ্যামিলি কার্ড কর্মসূচি এবং মেয়েদের স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার উদ্যোগ বাস্তবায়ন করছেন। শহীদ জিয়াউর রহমানের প্রাতিষ্ঠানিক ভিত্তি, বেগম খালেদা জিয়ার শিক্ষা উদ্যোগ এবং তারেক রহমানের বর্তমান কর্মসূচির ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার।

দুলু বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের বাস্তবায়নের প্রতিফলন বিএনপির আগামী কাউন্সিলে দেখা যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের নীতিনির্ধারকেরা এ বিষয়ে সচেষ্ট রয়েছেন। এর মাধ্যমে দলের সাংগঠনিক কাঠামো ও নির্বাচনে নারীদের ৩৩ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সুফিয়া হকের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ‘আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা এবং খান ফাউন্ডেশনের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মো. সালাহউদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নীলুফার ইয়াসমিন।

সংলাপে বিভিন্ন পর্যায়ে কর্মরত নারী নেতৃবৃন্দ গণপ্রতিনিধিত্ব আদেশসহ নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন