বাগাতিপাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ আটক যুবক, মাদক সিন্ডিকেট নিয়ে স্থানীয়দের উদ্বেগ


আবু রেজা, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় ১০০ গ্রাম গাঁজাসহ বিপ্লব হোসেন বাবু নামে এক ব্যক্তিকে আটক করেছে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার সাজা মালঞ্চি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় মাদক কারবার ও এর সঙ্গে জড়িত চক্র নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আটক বিপ্লব হোসেন বাবু উপজেলার পেড়াবাড়ীয়া মহল্লার মুক্তার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাজা মালঞ্চি এলাকার মজাহারের দোকানের সামনে অভিযান চালায় বাগাতিপাড়া মডেল থানা পুলিশের একটি দল। এ সময় বিপ্লব হোসেন বাবুর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এদিকে, আটকের পর উপস্থিত স্থানীয়দের সামনে বিপ্লব হোসেন বাবু দাবি করেন, তমালতলা মোড় বাজারের ‘মুরগি কালাম’ নামে পরিচিত এক ব্যক্তির কাছ থেকে গাঁজা কিনে নিয়ে আসার সময় পুলিশ তাকে আটক করে। তার এই বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ওই এলাকায় মাদক সরবরাহের উৎস ও সম্ভাব্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় আবুল নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, ‘মুরগি কালাম’ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তার দাবি, পরিবারের আগের প্রজন্মের একজন চুয়ানি (বাংলা মদ) বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। পরবর্তী সময়ে গাঁজা এবং বর্তমানে ইয়াবাসহ বিভিন্ন মাদক কেনাবেচার অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে আটক হওয়ার পরও এলাকায় মাদক কারবার পুরোপুরি বন্ধ হয়নি। ফলে মাদকের সরবরাহ ও বিক্রির নেপথ্যে কারা জড়িত, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ বিপ্লব হোসেন বাবুকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ‘মাদক সিন্ডিকেট যত প্রভাবশালী বা শক্তিশালীই হোক, কেউ আইনের হাত থেকে রেহাই পাবে না। মাদক নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।’

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন