রাজধানীর ওয়ারীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা


মো: লুৎফর রহমান (খাজা শাহ্) : ঢাকা মহানগরীর ওয়ারী থানাধীন টিকাটুলীস্থ ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজার নাঈমুর রহমান (২৭) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন হোটেলের জেনারেল ম্যানেজার আবদুর রাজ্জাক (৫) ও স্টাফ মো. হাসান (২৫)। গত বৃহস্পতিবার  আনুমানিক রাত ২টার দিকে জয়কালী মন্দিরের পাশের ওই হোটেলে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও নিহতের পরিবারের দাবি, ওয়ারীতে ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের সামনে দোকান বসানো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কর্তৃপক্ষের দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জেরে টিকাটুলীর মুরগি ব্যবসায়ী এনায়েত কাজী এবং তার ছেলে ইরান কাজী লোকজন নিয়ে এ নৃশংস ঘটনা ঘটিয়েছে। জানা গেছে, নাঈমুর রাজবাড়ীর গোয়ালন্দ থানার পূর্ব উজানচর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। ছোটবেলায় মাকে হারানো নাঈমুরের বাবা দৃষ্টিপ্রতিবন্ধী। বাবার চিকিৎসাসহ পরিবারের যাবতীয় ব্যয় বহন করতেন তিনি। সাড়ে তিন বছর আগে ওই হোটেলে চাকরি শুরু করেন নাঈমুর। পাশাপাশি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করছিলেন। নিহতের চাচাতো ভাই রেদওয়ানুল ইসলাম এ প্রতিবেদক দৈনিক নব অভিযান এর সহকারী সম্পাদক ও ডেইলী নিউজ অনলাইন এর নির্বাহী সম্পাদক মো: লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক স্বাক্ষাতে  জানান, প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত  উক্ত আবাসিক হোটেলের সামনের সড়কে অস্থায়ী পাইকারি মুরগির আড়ৎ বসাতেন কয়েকজন ব্যবসায়ী। এ নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ীদের প্রায়ই কথা কাটাকাটি হতো। গত বৃহস্পতিবার রাতেও এ নিয়ে বিরোধের একপর্যায়ে টিকাটুলীর স্থানীয় বাসিন্দা ও মুরগির দোকানদার এনায়েত কাজী ও তার ছেলে ইরান কাজী ছুরি নিয়ে হোটেলের রিসেপশনে ঢুকে জি এম আবদুর রাজ্জাককে কোপাতে থাকেন। তার চিৎকার শুনে ম্যানেজার নাঈমুর ও স্টাফ হাসান এগিয়ে এলে তাদেরও কোপানো হয়। পরে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নাঈমুরের ভাই বাদী হয়ে এনায়েত ও ইরান নামীয় এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ওয়ারী থানায় মামলা দায়ের করেছেন। ঢামেক হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসা শেষে গতকাল তাদের শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে হোটেলটির সিসিটিভি ফুটেজে দেখা যায়, এনায়েত ও তার ছেলে ছুরি ও দেশীয় অস্ত্র নিয়ে দ্বিতীয় তলায় উঠে আবদুর রাজ্জাককে এলোপাতাড়ি কোপাতে থাকেন। পরে নাঈমুর ও হাসান এগিয়ে এলে তাদেরও কোপানো হয়। ওয়ারী থানার এসআই মো. আল আমিন মিয়া জানান, মুরগির আড়ত বসানোকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর জেরে বাবা ছেলে হামলা চালান। হামলাকারীদের গ্রেপ্তারে  পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন