সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে ধারাবাহিক অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। পৃথক অভিযানে ৮০ পিস ভারতীয় ভায়াগ্রা, ২২০ বোতল ভারতীয় কাশির সিরাপ, ১৭ হাজার ৮৫০ পিস ভারতীয় ওষুধ এবং ১৬৪ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩ বাংলাদেশি নাগরিক এবং মাদক ও মানব পাচারকারী দালাল সন্দেহে একজনকে আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২৮ নভেম্বর) রাত ১২টা ৫ মিনিটে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ভারতীয় ভায়াগ্রাসহ মোঃ সিটু (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামের বাসিন্দা। বিজিবির তথ্য অনুযায়ী, তিনি মাদক চোরাকারবারি ও মানব পাচারকারী দালাল হিসেবে পরিচিত।
এদিন রাত ১টা ১৫ মিনিটে মাটিলা বিওপির কানাইডাঙ্গা গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪৪ বোতল ভারতীয় কাশির সিরাপ (Eskuf ও Win Cerex) উদ্ধার করা হয়। পরে সকাল সাড়ে ৬টার দিকে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে আরও ৭৬ বোতল ভারতীয় কাশির সিরাপ (Eskuf ও Fairdyl) উদ্ধার করে বিজিবি।
একই এলাকায় দুপুর ১২টার দিকে পৃথক দুটি চোরাচালানবিরোধী অভিযানে ১৭ হাজার ৮৫০ পিস ভারতীয় ওষুধ এবং ১৬৪ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। এসব অভিযানে কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
এদিকে, গত ২৭ নভেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় একজন পুরুষ ও একজন নারীসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এছাড়া ২৮ নভেম্বর সকাল সাড়ে ৮টার দিকে কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একইভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আরও এক নারীকে আটক করে বিজিবি।
সব মিলিয়ে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর এসব অভিযানে সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে তাদের তৎপরতার বিষয়টি উঠে এসেছে।
সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং মানব পাচার রোধে মহেশপুর ৫৮ বিজিবির এ ধরনের ধারাবাহিক অভিযান সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
