নোয়াখালীতে পুকুরের সিঁড়ির নিচে আটকে শিক্ষার্থীর মৃত্যু


গাজী রুবেল, নোয়াখালী ব্যুরোপ্রধানঃ 

নোয়াখালীর কবিরহাটে বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে মিনহাজ আহম্মেদ সীমান্ত (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছনখোলা এলাকার একটি পুকুরের সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নিহত সীমান্ত নরোত্তমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালামিয়ার পোল এলাকার মৃত জহিরুল ইসলাম জুয়েলের ছেলে। সে সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বিদ্যালয়ের মাঠে দুই বন্ধুর সঙ্গে ফুটবল খেলে পাশের পুকুরে গোসল করতে নামে সীমান্ত। একপর্যায়ে পুকুরের সিঁড়ির নিচে আটকে যায় সে। দীর্ঘক্ষণ তাকে ভেসে উঠতে না দেখে দুই বন্ধু স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন।

কবিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুল কবির সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। পরে রাত ৮টার দিকে পুকুরের সিঁড়ির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল বড়ুয়া জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন