জামালপুরে নববধূর ঘর থেকে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার


ফারুক মিয়া : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিয়ের তিন দিনের মাথায় নববধূর ঘর থেকে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বগারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের টালিয়াপাড়া গ্রামের জিহাদ মিয়া (২২) গত ২৪ সেপ্টেম্বর, বুধবার রাতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

পরিবারের সদস্যরা জানান, সেদিন রাতে জিহাদ মিয়া স্ত্রীকে নিয়ে ঘরে শয়ন করতে যান। সকালে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালা ও দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁরা ঝুলন্ত অবস্থায় জিহাদ মিয়ার লাশ দেখতে পান।

নিহতের চাচা শরাফত আলী বলেন, “বিয়ের পর এই তিন দিনে তাদের মধ্যে কোনো মনোমালিন্য বা ঝগড়া দেখিনি। এমনটা হবে কখনো ভাবিনি।”

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন