ফারুক মিয়া : মোহনা টেলিভিশনের জামালপুর প্রতিনিধি ও অভিজ্ঞ সাংবাদিক ওসমান হারুনী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর হঠাৎ মৃত্যুর সংবাদে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
গত রাত পর্যন্ত তিনি সহকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মুঠোফোনে কথা বলেছেন। অথচ আজ সকালে তাঁর আত্মহত্যার খবরে স্তব্ধ হয়ে যায় সবাই। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। সহকর্মীরা বলছেন, নির্ভীক ও মানবিক একজন সাংবাদিকের এমন বিদায় মেনে নেওয়া কঠিন।
২০০১ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন ওসমান হারুনী। শিক্ষক পিতার আদর্শে বেড়ে ওঠা তিনি জামালপুরের সংবাদপত্র ও টেলিভিশন সাংবাদিকতার জগতে ছিলেন পরিচিত নাম। নবীন সাংবাদিকদের সহযোগিতা ও দিকনির্দেশনা দিতে তিনি সবসময় এগিয়ে আসতেন।
পারিবারিক জীবনে তিনি বিবাহিত ছিলেন এবং দুই সন্তানের জনক। সহকর্মীদের মতে, পরিবার ও পেশার প্রতি সমানভাবে দায়িত্বশীল ছিলেন তিনি।
সাংবাদিকদের মতে, শুধু একজন সহকর্মী নয়, হারিয়ে গেলেন এক নির্ভীক পথপ্রদর্শক। তাঁর মৃত্যুতে জামালপুরসহ দেশের গণমাধ্যম অঙ্গনে নেমে এসেছে গভীর শোক।
