নিজস্ব প্রতিবেদক (সাতক্ষীরা) :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আহসান হাবিব নামের এক যুবক দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর পরিবারকে রাজি করিয়ে বিয়ে করেছিলেন তার প্রেমিকাকে । কিন্তু, দেড় মাস যেতেই পরিবার আর এলাকাবাসীর সামনে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করলেই এই যুবক।
এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে অনেক লড়াই ও সংগ্রামের পর পরিবারকে মানিয়ে বিয়ে করেছিলেন আহসান হাবিব। দেড় মাসের মাথায় সংসার ভেঙে যাওয়াতে মনে তীব্র আঘাত পেয়েছেন এই যুবক। সেই কষ্ট থেকেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।
প্রেমের বিচ্ছেদ, কিংবা পারিবারিকভাবে বিয়ে করার পরেও বিভিন্ন কারণে বিচ্ছেদ তারপর দুধ দিয়ে গোসল করার ঘটনা ঘটলেও আহসান হাবিবের বিয়ের বিচ্ছেদের পর এমন উদ্ভট আয়োজন ঘিরে এখন এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এই যুবক। শুধু এলাকাতেই নয়, ঘটনা ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা আর সমালোচনার জন্ম দিয়েছে আহসান হাবিবের ব্যতিক্রমী এই ঘটনাটি।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন হাবিব। পরে পারিবারিক সম্মতিতে প্রায় দেড় মাস আগে তাদের বিবাহ হয়। প্রথম কিছুদিন সংসার ভালোই চলছিল। কিন্তু, কিছুদিন পরেই শুরু হয় কলহ।
আহসান হাবিব জানায়, অনেক টাকা খরচ করে বিদেশে গিয়েছিল। কিন্তু সেখানে নিজের অসুস্থতার কারণে বেশি দিন থাকতে পারেনি। ফলে সেখান থেকে অনেক টাকা লস খেয়ে আবার দেশে ফিরে আসে। যার কারণে তিনি আর্থিক অনটনের মধ্যে পড়ে। যার ফলে তার স্ত্রী আর তার সঙ্গে থাকতে চায় না। যুবকের ধারণা, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ও অভাব-অনটনে থাকার কারণে তার স্ত্রী সঙ্গ দিতে চায় না।
যুবক জানান, আজকে অর্থের কাছে ভালোবাসা হেরে গেছে। যখন আমার কাছে টাকা ছিল তখন সে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। আজকে টাকা নেই সে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে! তাই সেই কষ্টে আমি দুধ দিয়ে গোসল করে কিছুটা স্বস্তি পেলাম।
বিচ্ছেদের পর নিজের বাড়ির সামনে বালতিতে করে দুধ এনে সবার সামনে বসেই গোসল করেন। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বহু স্থানীয় মানুষ, যারা এমন দৃশ্য দেখে অবাক হন।
গোসল শেষে হাবিব বলেন, ‘ভালোবাসা ছিল, কিন্তু সংসার টেকেনি। এখন নিজেকে শুদ্ধ করে নতুন জীবন শুরু করবো।’
