কিশোরগঞ্জ-২ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনকে সংবর্ধনা


আবু হানিফ, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন এমপিকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন, পাকুন্দিয়া।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রূপম দাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রিফাত জাহান, উপজেলা প্রকৌশলী মো. শফিউল্লাহ, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আ. মান্নান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরে আলম, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস এম আরিফুল ইসলাম এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এলাকার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতিতে তাঁর কার্যকর ভূমিকা কামনা করেন।

সংবর্ধনার জবাবে এমপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। তিনি কিশোরগঞ্জ-২ আসনকে একটি উন্নত ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় তিনি আরও বলেন, তাঁর নাম ভাঙিয়ে কেউ যদি কোনো অফিসে চাঁদা দাবি করে বা মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তবে তাৎক্ষণিকভাবে তাঁকে অবগত করার আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধে জড়িত যে কাউকে আইনের আওতায় আনা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন