মো. সাইদুল ইসলাম, বিশেষ প্রতিবেদক :
প্রতিটি বাবা-মায়ের স্বপ্ন, তার সন্তান শুধু ভালো ছাত্র নয়, বরং একজন ভালো মানুষ হয়ে উঠুক। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুল। শিশুর হাতে কুরআন, মনে আত্মবিশ্বাস- এই লক্ষ্যকে সামনে রেখে ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুল আধুনিক শিক্ষা ও ইসলামী মূল্যবোধের সমন্বয়ে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। ২০১৯ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি করোনা মহামারিসহ নানা চ্যালেঞ্জ অতিক্রম করে আজ ঢাকার অন্যতম সেরা ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি অর্জন করেছে।
এরই ধারাবাহিকতায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর মাতুয়াইল নিউ টাউন, ডেমরা, ঢাকাতে অবস্থিত স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ। যেখানে শিক্ষার্থীদের শিক্ষাগত, সাংস্কৃতিক কার্যক্রমে অর্জিত সাফল্যকে সম্মান জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইসলামিক কারিকুলাম স্পেশালিস্ট সালেহ আহমেদ তাহা এবং রুহামা প্রকাশনীর প্রধান রফিকুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি অর্জন করাও সমান গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অন্যান্য স্কিল ডেভেলপমেন্ট কার্যক্রমে সেরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়া শিশুদের উৎসাহিত করতে বিশেষ সারপ্রাইজ গিফটের আয়োজন করা হয়।
এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অভিভাবক ও অতিথিদের প্রশংসা কুড়ায়।
ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুল বিশ্বাস করে-দ্বীনি শিক্ষায় গড়ে ওঠা একটি শিশু আধুনিক বিশ্বে পিছিয়ে পড়ে না; বরং নৈতিকতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণে সবার সামনে থেকে পথ দেখাতে পারে। এই নেতৃত্ব গড়ে তোলাই প্রতিষ্ঠানের মূল মিশন।




