এ.বি.এম. হাবিবুর রহমান:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁয় গরীব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ পৌরসভার দুর্গাপুর এলাকার রমজানের মোড়ে নওগাঁ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশের উদ্যোগে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রায় ৩০০ জন গরীব ও অসহায় মানুষের মাঝে লাচ্চা, চিনি, দুধ, আতব চাল, ছোলা, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদের আগে প্রয়োজনীয় এসব সামগ্রী পেয়ে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও আনন্দের ছাপ দেখা যায়। তারা আয়োজক বায়েজিদ হোসেন পলাশের জন্য দোয়া করেন।
দুর্গাপুর এলাকার বয়োজ্যেষ্ঠ লোকমান আলী বলেন, তাদের পরিবারে চারজন সদস্য। দিনমজুর ছেলের আয়ে কোনোরকমে সংসার চলে। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ থাকায় সংসারের খরচ চালানো আরও কষ্টকর হয়ে পড়েছে। এবার ঈদের জন্য নতুন পোশাক কিংবা বাজার কিছুই করা হয়নি। আজ লাচ্চা, চিনি, দুধ, চাল, ছোলা ও তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পেয়েছি। এতে অন্তত ঈদের খাবার নিয়ে আর চিন্তা করতে হবে না বলে তিনি জানান।
মধ্য দুর্গাপুর এলাকার বাসিন্দা গৃহবধূ রশিদা বেগম বলেন, তাদের পরিবারে পাঁচজন সদস্য রয়েছে, যার মধ্যে একজন প্রতিবন্ধী সন্তান। স্বামীর কৃষিকাজের আয়ে সংসার চলে। তিনি বলেন, রোববার পলাশ ভাইয়ের পক্ষ থেকে মহল্লায় এসে একটি কার্ড দিয়ে যায়। সেই কার্ডের মাধ্যমে আজ ঈদের বিভিন্ন উপকরণ পেয়েছি। এতে আমরা খুব খুশি হয়েছি।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সদস্য ফরিদুল ইসলাম, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন, নওগাঁ পৌর শাখা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিসান, পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজনু রহমান, যুবদলের সহ-সভাপতি রিপন, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম সুমন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজ, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাকিব রায়হান সাজু, সাবেক ছাত্রনেতা ডা. ফজলুল হক নয়ন, শিশির ও রিপনসহ স্থানীয় নেতাকর্মীরা।
ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে এলাকাবাসী মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসা করেন।
