ঝিনাইদহ–যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে ক্ষতিগ্রস্থদের ২৭ কোটি টাকার মাঝে ক্ষতিপুরণের চেক হস্তান্তর


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ–যশোর মহাসড়ককে ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্তদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বুধবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) আহমেদ সাদাতসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

অনুষ্ঠানে জানানো হয়, ঝিনাইদহ–যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নের ফলে যেসব জমির মালিক ও ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে এ চেক বিতরণ করা হয়েছে।

এদিন মোট ৮৫ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ২৬ কোটি ৮৯ লাখ ৫৯ হাজার ৪৭৭ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, মহাসড়কটি ৬ লেনে উন্নীত করা হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও দ্রুত ও আধুনিক হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পরিবহন ব্যবস্থা এবং সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন