নাজমুল হুদা, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে আসন্ন ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস অব হিউম্যানিটি (এফওএইচ)। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংগঠনের সহায়তায় শহরের নিয়ামতপুর এলাকায় আয়োজন করা হয় এ মানবিক কার্যক্রম।
মঙ্গলবার সকালে এফওএইচ স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকলিমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংস্থা হিড’র চেয়ারম্যান মো. আব্দুল বারী।
এ সময় আরও উপস্থিত ছিলেন এফওএইচের প্রকল্প কর্মকর্তা মো. আব্দুল লতিফ, সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন সোসাইটির সভাপতি মাজেদ ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এফওএইচ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আয়েশা সিদ্দিকা।
অনুষ্ঠানে সৈয়দপুরের উর্দুভাষী ক্যাম্পে বসবাসরত শিক্ষার্থী পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়। মোট ১ হাজার ৩৪০টি পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারের জন্য দেওয়া প্যাকেজে ছিল চাল, পেঁয়াজ, আলু, লবণ, ভোজ্যতেল, আটা, ডাল, দুধ, লাচ্ছা সেমাই, চিনি এবং পোলাওয়ের চাল। প্রায় সাড়ে ১৮ কেজি ওজনের এসব খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তাদের এ উদ্যোগ।
