মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) :
ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ সাধারণ নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন।
গত বুধবার (১১ মার্চ) দুপুর পৌনে দুইটায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। এতে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিব আখতার আহমেদসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুই আসনের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার শেষ সময় ছিল ১০ মার্চ। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী আপিল করেননি। ফলে বাছাইয়ে উত্তীর্ণ মোট আটজন প্রার্থী নির্বাচনের মাঠে থাকছেন।
শেরপুর-৩ আসনে প্রার্থী হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মো. মিজানুর রহমান।
অন্যদিকে বগুড়া-৬ আসনে প্রার্থী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। পরে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
অন্যদিকে একই নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে নির্বাচিত হলেও সংসদে একসঙ্গে দুটি আসনের সদস্য থাকার বিধান না থাকায় তিনি ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল দেয় নির্বাচন কমিশন।
এদিকে দুই আসনের নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করেছে। বগুড়া-৬ আসনের জন্য বগুড়া জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আহসান হাবিব এবং শেরপুর-৩ আসনের জন্য শেরপুর জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মোরশেদুল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৫ মার্চ।
