মু. ওয়াহিদুর রহমান মুরাদ, লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের দু’জন চিকিৎসক একদিনের ছুটি নিয়ে প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে অনুপস্থিত থাকার অভিযোগ পাওয়া গেছে। তারা হচ্ছেন আবুল কাশেম মহি উদ্দিন ও কাজী সামসুদ্দোহা।
কর্মস্থলে যোগ দেওয়ার জন্য একাধিকবার চিঠি দিলেও তারা যোগ দেননি। এদিকে পদ দু’টি দীর্ঘ ৬ বছরেও শূন্য ঘোষণা করা হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃবাহারুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, প্রতি মাসের ৫-৬ তারিখে জনবল পরিস্থিতির তালিকা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লক্ষ্মীপুর সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়। ওই প্রতিবেদন প্রতিমাসে দু’জন চিকিৎসক অনুপস্থিত থাকার বিষয়টিও জানানো হয়। কিন্তু প্রতিমাসে এই সংক্রান্ত প্রতিবেদন পাঠানো হলেও দীর্ঘ ৬ বছর গুরুত্বপূর্ণ পদ দুটিতে নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
সূত্রে আরও জানা গেছে, ২০১৫ সালের ১৩ জুলাই থেকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অর্থো.) আবুল কাশেম মহি উদ্দিন ও একই বছরের ১ সেপ্টেম্বর থেকে সাইচা উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার কাজী সামসুদ্দোহা অনুপস্থিত রয়েছেন। তবে দু’জন ওই সময় থেকে কোনো বেতন-ভাতাও তোলেননি। কর্তৃপক্ষের ধারণা, তারা দু’জনই দেশের বাইরে রয়েছেন।
সূত্র জানায়, আবুল কাশেম মহিউদ্দিন ২০১৫ সালে ৬ এপ্রিল অর্থোপেডিক চিকিৎসক হিসেবে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দেন। আর ২০১৪ সালে ২০ নভেম্বর মাসে সাইচা উপ-স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিক্যাল অফিসার হিসেবে কাজী সামছুদোহা স্বাস্থ্য কমপ্লেক্সে দেন। পরে পারিবারিক কারণ দেখিয়ে একদিনের ছুটি নিয়ে তারা এখন পর্যন্ত কর্মস্থলে ফেরেননি। কর্তৃপক্ষ এ দুই ডাক্তারের স্থায়ী ঠিকানায় একাধিকবার চিঠিও পাঠিয়েছে। কিন্তু সব চিঠিই প্রেরককে না পেয়ে ফেরত এসেছে।
দুর্নীতি প্রতিরোধ কমিটি রায়পুর উপজেলা শাখার সভাপতি সাব্বির আলম মিয়াজী বলেন, রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে, ‘যেসব চিকিৎসক আইন ভঙ্গ করে অনুপস্থিত থাকছেন বছরের পর বছর, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। এই ১০ বছরে অনেক ডাক্তার এখানে পদায়ন হতে পারতো। বিষয়টি দুঃখ জনক।
হায়দরগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মানস দে জানান, আমি এ কেন্দ্রে এক বছর আগে যোগদান করেছি। এমবিবিএস ডাক্তার ও ফার্মাসিস্ট না থাকায় তাদের দায়িত্ব আমাকে একাই পালন করতে হচ্ছে। এখানে প্রতিদিন গড়ে ৫০-৬০ জন রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। মেডিকেল অফিসার না থাকায় অতিরিক্ত চাপ নিতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.বাহারুল আলম বলেন, ‘কাজী সামসুদ্দোহা ও আবুল কাশেম মহিউদ্দিনের অনুপস্থিতির বিষয়টি প্রতিমাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পদ দু’টি শূন্য না হওয়ায় নতুন কাউকে পদায়ন করা হয়নি। অনুপস্থিত ওই দু’জন চিকিৎসককে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য একাধিকবার নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু তাদের কোনো খোঁজ-খবর পাওয়া যায়নি। ২১ জন চিকিৎসক দিয়ে হাসপাতালে চিকিৎসা দেয়া দিন -রাত কষ্ট সাধ্য। এখনো গাইনি, চক্ষু, অর্থোপেডিক্স, চর্ম চিকিৎসক নেই। পর্যাপ্ত চিকিৎসক সংকট ও পদ গুলো খালি সরকার ঘোষণা না করায় ভোগান্তি হচ্ছে গ্রামের রোগীদের।
