ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি ময়নাল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন। দীর্ঘ প্রায় ৬ বছর বিচারিক প্রক্রিয়া শেষে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে এ রায় দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত ময়নাল হোসেন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। এ মামলার অপর এক আসামি নাবালক হওয়ায় তার বিচার শিশু আদালতে চলমান রয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বদিউল আলম সুজন জানান, মামলার সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রধান আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ মে বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের প্রথম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা মীম নিখোঁজ হয়। পরদিন তার মা পারভীন আক্তার শারমিন বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে শিশুটির মরদেহ উদ্ধার হলে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তদন্ত শেষে পুলিশ ময়নাল হোসেনসহ দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার প্রধান আসামি ময়নাল হোসেনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর নিহত শিশুর মা পারভীন আক্তার শারমিন বলেন, “দীর্ঘ অপেক্ষার পর বিচার পেয়েছি। আদালতের রায়ে আমি সন্তুষ্ট। এখন দ্রুত এ রায় কার্যকর হওয়ার প্রত্যাশা করছি।”
উল্লেখ্য, মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনে বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন ভূমিকা রাখেন।
