ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকাপ ও লরির সংঘর্ষে আহত ০১ জন
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় পন্যবাহী একটি পিকাপ ভ্যান বিকল হয়ে পরলে, পেছন থেকে আসা অন্য একটি ১০ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে বিকল হওয়া পণ্যবাহী পিকাপটি উল্টে গিয়ে একজন আহত হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে, প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে চলাচলরত অবস্থায় মালবাহী পিকাপটির চাকার ড্রাম ভেঙ্গে গেলে, গাড়িটি সড়কের ওপর বিকল হয়ে পড়ে থাকা অবস্থায় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ১০ চাকার লরি পিকাপটিকে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে উল্টে যায়।
দুর্ঘটনায় পিকাপটির চালক আহত হন। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ বক্সের ইনচার্জ টিআই জুলাহাস উদ্দিন জানান, পিকাপটির চাকার ড্রাম ভেঙ্গে যাওয়ার কারনে এটি মহা সড়কের উপর বিকল হয়ে পড়ে ছিলো। পরে পেছন থেকে আসা একটি লরি ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে চালক সামান্য আহত হয়েছেন।
গাড়ির মালিকের সাথে মোবাইলে কথা বলে জানা গেছে গাড়িটি যত দ্রুত সম্ভব মেরামত করে নিয়ে যাবে।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গিয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
