সাতক্ষীরায় টাকা আত্মসাৎ করতে বুশরা গ্রুপের চেয়ারম্যানের ‘অপহরণ নাটক’, গ্রাহকদের সংবাদ সম্মেলন


আব্দুল জলিল, সাতক্ষীরা : সাতক্ষীরার আলোচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘বুশরা গ্রুপ’-এর চেয়ারম্যান শেখ শরিফুল ইসলামের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাতের লক্ষ্যে ‘অপহরণ নাটক’ সাজানোর অভিযোগ তুলেছেন সাধারণ গ্রাহকরা। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গ্রাহকদের পক্ষে কলারোয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মনিরুজ্জামান এই দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১২ মে বুশরা গ্রুপের চেয়ারম্যান শেখ শরিফুল ইসলাম ও তাঁর সহযোগীরা গ্রাহকদের বিরুদ্ধে অপহরণের যে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রোথিত।

সংবাদ সম্মেলনে মোঃ মনিরুজ্জামান বলেন, “আমরা সাধারণ গ্রাহকরা বুশরা গ্রুপের নিকট কয়েক কোটি টাকা পাওনা রয়েছি। আমাদের টাকা ফেরত না দেওয়ার হীন মানসিকতা থেকে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতেই চেয়ারম্যান এই আজগুবি গল্প সাজিয়েছেন। প্রকৃতপক্ষে তাকে অপহরণ করা হয়নি; বরং তিনি পাওনা টাকার বিপরীতে স্বেচ্ছায় আমাদের জমি রেজিস্ট্রি করে দিয়েছেন।”

তিনি আরও জানান, চেয়ারম্যানকে কোনো প্রকার গুম বা ক্ষতি করা হয়নি। বরং কোম্পানির ভেতরের কিছু অসাধু ব্যক্তি তাকে লুকিয়ে রেখে গ্রাহকদের ফাঁসানোর চেষ্টা করছিল। বিষয়টি বুঝতে পেরে গ্রাহকরা নিজেরাই শেখ শরিফুল ইসলামকে সাতক্ষীরা সদর থানার অপারেশন ওসি সুশান্ত ঘোষের নিকট হস্তান্তর করেন।

গ্রাহকদের দাবি, গত ১২ মে থানা হেফাজতে থাকা অবস্থায় শেখ শরিফুল ইসলাম পুলিশের কাছে স্বীকার করেছেন যে, তিনি কোনো প্রকার অপহরণ বা হেনস্তার শিকার হননি। এটি মূলত পাওনা টাকা না দেওয়ার একটি অপকৌশল মাত্র।

সংবাদ সম্মেলনে বুশরা গ্রুপের চেয়ারম্যান ছাড়াও আব্দুল্লাহ আল মামুন, আবু জাফর, আব্দুর রব, ইয়াসিন এবং কলারোয়া ব্রাঞ্চ ম্যানেজার কামরুজ্জামানসহ অন্যান্য শাখা ব্যবস্থাপকদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

কলারোয়া ও সাতক্ষীরার হাজার হাজার গ্রাহকের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের হাত থেকে রক্ষা করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে মোঃ মনিরুজ্জামানের সাথে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগী গ্রাহক মোঃ আলাউদ্দীন, আবুল বাশার ও পলাশসহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন