শৈলকুপায় সওজের উচ্ছেদ অভিযান, অপসারণ করা হলো ২২ স্থাপনা


সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় শেখপাড়া-লাঙলবাধ আঞ্চলিক মহাসড়কের বাঁক সরলিকরণ ও সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে অধিগ্রহণকৃত জমির ওপর গড়ে ওঠা ২২টি স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পাঠানপাড়া ও মনোহরপুর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

সওজ সূত্রে জানা যায়, শৈলকুপা অঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁক সরলিকরণ ও যান চলাচল নিরাপদ করতে সরকারিভাবে এ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য আগে থেকেই জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু ওই জমির ওপর বিভিন্ন দোকানপাট, ঘরবাড়ি ও স্থাপনা নির্মাণ থাকায় উন্নয়নকাজে বাধা সৃষ্টি হচ্ছিল। এ কারণে প্রশাসনের সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সওজ বিভাগের কর্মকর্তারা এস্কাভেটরের মাধ্যমে কাঁচা, আধাপাকা ও পাকা স্থাপনাগুলো অপসারণ করেন। উচ্ছেদ শেষে স্থাপনাগুলোর মালামাল প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা ৫ লাখ ৪৩ হাজার টাকায় মালামাল ক্রয় করেন।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সওজের খুলনা বিভাগীয় এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে। এ সময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, সওজ ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জিয়াউদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসান-উল-কবীর, উপ-সহকারী প্রকৌশলী হাসান আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. রাকিব হাসান, সার্ভেয়ার মো. সোহেল রানা সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সার্বিক সহযোগিতা করে শৈলকুপা থানা পুলিশের একটি দল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পিজুস চন্দ্র দে জানান, মহাসড়কের বাঁক সরলিকরণ ও সড়ক প্রশস্তকরণের জন্য প্রায় ৮ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার ১ দশমিক ০৭ একর জমি দখলমুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, সড়ক উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের স্বার্থে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন